প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১১:০১ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫ ১১:৪২ এএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ছয় সন্ত্রাসী। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ যৌথ বাহিনী। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় হয়েছে। এতে ছয় সন্ত্রাসী নিহত এবং আহত হয়েছেন আরও চারজন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় এ দেশে থাকবে, ততদিন অভিযান চলবে।’
পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান এ দুটি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ওই বছরজুড়ে পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলা ঘটেছে। শতকরা হিসাবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।
এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছেন ৯৩৪ জন সন্ত্রাসী।