প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৭:২৯ পিএম
স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হান জং-হি। ছবি : সংগৃহীত
স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি মারা গেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
হান ২০২২ সাল থেকে স্যামসাংয়ের ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। এতে মোবাইল ফোন, টেলিভিশন এবং গৃহস্থালি যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।
তার আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার করপোরেট জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে তিনি সুস্থ ছিলেন বলেই মনে করা হচ্ছিল। গত সপ্তাহে তিনি দক্ষিণ কোরিয়ার সুওনে স্যামসাংয়ের বার্ষিক সাধারণ শেয়ারহোল্ডার সভা পরিচালনা করেছিলেন।