প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১২:৪৯ পিএম
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের আগে থেকেই সেখানে তার বিরুদ্ধে গড়ে ওঠা অসন্তোষ সম্পর্কে ভারত জানত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
শনিবার (২২ মার্চ) ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।
জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার ওপর ভারতের তেমন কোনো প্রভাব ছিল না, তাই তারা শুধু পরামর্শ দিতে পারত, কিন্তু সরাসরি কিছু করা সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে, শুধু ভারত নয়, আরও কয়েকটি আন্তর্জাতিক পক্ষও বাংলাদেশের অস্থিরতা সম্পর্কে অবগত ছিল। তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জাতিসংঘ আগেই বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল যে, নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ালে তাদের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করা হতে পারে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আলোচনা শুরু করলেও, তাকে আশ্রয় দেওয়ায় দিল্লি-ঢাকা সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র ঢাকায় সফর করলেও, ২-৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে কি না, সে বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং শিগগিরই চীন সফরে যাবেন। সেখানে চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে চীনা শহরগুলোর বিমান সংযোগ বাড়ানোর মতো বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। জয়শঙ্কর এ প্রসঙ্গে বলেন, চীন ভারতের প্রতিপক্ষ নয়, বরং প্রতিযোগী।