প্রবা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৭:০১ পিএম
বিয়ের দিন দুই যমজ বোনের মাঝখানে পাত্র।
ভারতের মহারাষ্ট্রের পেশায় আইটি ইঞ্জিনিয়ার যমজ দুই বোন রিংকি ও পিংকি একই পাত্রকে বিয়ে করে সর্বত্র হইচই ফেলে দিয়েছিলেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনই উদ্ভট ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুই বোনের একই পাত্রকে পছন্দ ছিল। তাই দুই পরিবারই এই উদ্ভট বিয়ে মেনে নিয়েছে। জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজনও করা হয়। গত শুক্রবার মালশিরাস তহসিলে অনুষ্ঠিত বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
যাই হোক, স্থানীয় বাসিন্দা রাহুল ভরতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারায় (স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় আবার বিয়ে করা) বর অতুল উত্তম অতাদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের অভিযোগে বলা হয়েছে, সোলাপুরের ম্হলুংযের বাসিন্দা আউতাদে ৩৬ বছর বয়সি রিংকিকে প্রথম বিয়ে করেছিলেন এবং তারপর গালান্দে হোটেলে অনুষ্ঠিত একই বিয়ের অনুষ্ঠানে আরেক বোন পিংকিকে বিয়ে করেন।
সোলাপুর গ্রামীণ পুলিশ সুপার শিরীষ সরদেশপান্ডে জানিয়েছেন, অভিযোগকারী বিয়েটিকে আপত্তিকর বলে মনে করেছেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সরদেশপান্ডে বলেছেন, ‘একটি নন-কগনিজেবল অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আদালতের অনুমতি নেব এবং তদন্তে আরও এগিয়ে যাব। আইনে বলা হয়েছে, একজন ব্যক্তি একবারে শুধুমাত্র একজন নারীকে বিয়ে করতে পারেন। আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে যে দুই বোনই কাছাকাছি এবং একসঙ্গে থাকতে চেয়েছিলেন। তদন্ত চলছে।’
বিশিষ্ট আইনজীবী হর্ষদ নিম্বালকার বলেছেন, ‘বিবাহ আইন অনুযায়ী এ বিবাহ বৈধ কি না তা যাচাই করতে হবে। এ ধরনের বিয়েতে আপত্তি আসতে হয় প্রথম স্ত্রীর কাছ থেকে। আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে বিবাহ সম্পর্কিত সমস্ত আচার-অনুষ্ঠান হয়েছিল কি না।’
আকলুজ থানার ইনচার্জ অরুণ সুগাভকার বলেন, ‘বরের মুম্বাইতে ট্যুর এবং ট্রাভেলস ব্যবসা রয়েছে এবং তার নিজের শহরে বিয়ের আয়োজন করা হয়েছিল।’
যে হোটেলে বিয়ে হয়েছিল সেই হোটেলের মালিক নানা গালান্দে বলেছেন, ‘উভয় পরিবারই হোটেলে বিয়ের আয়োজন করতে এসেছিল। আমি বর এবং কনে উভয়ের সঙ্গে কথা বলেছি এবং তারা তাদের পারস্পরিক সম্মতিপত্র জমা দিয়েছে। আমি তাদের পরিচয়পত্রের বিশদও নিয়েছি, যার মধ্যে আধার এবং প্যান কার্ড রয়েছে।’