× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ইসরায়েলি আগ্রাসন, এক দিনে প্রায় ৭০ ফিলিস্তিনি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১১:৩৮ এএম

আপডেট : ২০ মার্চ ২০২৫ ১১:৫৫ এএম

গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

গাজায় বুধবার (১৯ মার্চ) ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে মঙ্গলবার থেকে চলা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৮৩টিই শিশু।

১৯ জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজায় ভয়াবহ আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ‌‘বৃহত্তর এবং শক্তিশালী’ হামলা চালাতে পারে।

এর আগে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গাজায় বিমান হামলার ঘটনা কেবল শুরু।’ সেখানে রাতভর ইসরায়েলি আগ্রাসনে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলি বাহিনী হামাসের ওপর ক্রমবর্ধমান শক্তি ব্যবহার করবে এবং ভবিষ্যতের যুদ্ধবিরতি আলোচনা শুধু আক্রমণের মুখে অনুষ্ঠিত হবে।’

এ ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামাস আমাদের বাহিনীর সক্ষমতা বুঝতে পেরেছে এবং আমি আপনাদের এবং তাদের আশ্বস্ত করতে চাই, এটা কেবল শুরু।’

তিনি বলেন, ‘আমরা যুদ্ধের সব লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব আমাদের সব জিম্মিকে মুক্তি, হামাসকে নির্মূল করা এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে না, এটাই আমাদের প্রতিশ্রুতি।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭-এ পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ১ লাখ ১২ হাজার ৫৪৭ জন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা