আবু সাবেত, নিউইয়র্ক থেকে
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮ পিএম
বাইডেন প্রশাসনের অনুমোদিত কনজেশন প্রাইসিং (যানজট নিরসনে টোল) পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্তে নিউইয়র্ক শহর ‘উদ্ধার’ হয়েছে বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, ‘কনজেশন প্রাইসিং শেষ। ম্যানহাটন এবং পুরো নিউইয়র্ক রক্ষা পেয়েছে। রাজা দীর্ঘজীবী হোন!’
ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে চালকদের জন্য ম্যানহাটনের নির্দিষ্ট অংশে প্রবেশে ৯ ডলারের টোল বাতিল হয়েছে। নিউইয়র্ক সিটি ও রাজ্যের কর্মকর্তারা এই পরিকল্পনাকে যানজট ও বায়ুদূষণ কমানোর উপায় হিসেবে দেখলেও, সমালোচকরা এটিকে কর্মজীবী মানুষের ওপর আর্থিক চাপ হিসেবে বর্ণনা করেছেন।
পরিবহন সচিব শন ডাফি এক বিবৃতিতে বলেন, ‘কনজেশন প্রাইসিং কর্মজীবী আমেরিকান ও ছোট ব্যবসার মালিকদের জন্য অপমানজনক। নিউ ইয়র্ক সিটিতে প্রবেশের অধিকার সবার থাকা উচিত, সেটা তাদের আর্থিক অবস্থান নির্বিশেষে। এটি যেন শুধুমাত্র অভিজাতদের জন্য সংরক্ষিত না হয়।’
ট্রাম্পের ‘রাজা দীর্ঘজীবী হোন’ মন্তব্যটি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ পুনরায় শেয়ার করেন। একইসঙ্গে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ টেইলর বুদোভিচ ট্রাম্পের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে মুকুট পরা অবস্থায় নিউ ইয়র্ক শহরের আকাশরেখার সামনে রাজা হিসেবে উপস্থাপন করা হয়েছে।
হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্টও একই ধরনের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখে: ‘রাজা দীর্ঘজীবী হোন।’
এই ঘোষণার বিরোধিতা করে দেশব্যাপী বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্টস ডে-কে ‘নো কিংস ডে’ হিসেবে পালন করেছে বিক্ষোভকারীরা। তারা ট্রাম্পের নির্বাহী আদেশের বন্যা এবং ইলন মাস্কের ফেডারেল সরকারের আকার হ্রাস করার উদ্যোগের সমালোচনা করেন।
বিক্ষোভ সংগঠন ‘বিল্ড দ্য রেজিস্ট্যান্স’-এর প্রকাশিত প্রতিবাদ নির্দেশিকায় বলা হয়েছে, ‘আমেরিকায় কোনো রাজা নেই। ট্রাম্প এবং তার ধনী সহযোগীরা সংবিধান ও আইনের শাসন দুর্বল করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সমাজকে ধ্বংসের চেষ্টা করছে।’