প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের হারনাই জেলায় সড়কে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় কয়লা শ্রমিক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানা যায়।
পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরিত বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) ধরনের। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেটি হারনাইয়ের একটি কয়লা খনির কাছে।
আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে কয়লা বোঝাই একটি ট্রাক খনি এলাকা থেকে শহরের দিকে রওনা দেয়। তখন মোট ১৭ জন শ্রমিক ট্রাকে ছিলেন। সড়কের যে স্থানে বোমাটি পেতে রাখা হয়েছিল, সেখানে ট্রাকটি আসতেই ঘটে বিস্ফোরণ।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির বরাতে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
বোমার বিস্ফোরণের ঘটনায় ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর জানিয়েছে, খনি শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন। সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস দেন।
ভৌগলিক আয়তনের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম রাজ্য। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছে খনিজ সম্পদে ভরপুর এই রাজ্যটিতে।
শুক্রবারের বোমা বিস্ফোরণের দায় কেউ তাৎক্ষণিকভাবে নেয়নি। বালুচ জঙ্গিরা এখানে সরকারি ও বেসরকারি খনিজ সম্পদ উত্তোলন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও কর্মীদের উপর প্রায়শই হামলা চালায়।
এর আগে, গত ৩১ জানুয়ারি পাকিস্তানের আধাসামরিক বাহিনীর অন্তত ১৮ জন সৈন্যকে হত্যা করা হয়। এই প্রদেশের কালাত জেলায় এ দিন সৈন্যদের বাসের উপর হামলা চালায় বিএলএ জঙ্গিরা। গত কয়েক মাসে নিরাপত্তা বাহিনীর জন্য এটা ছিল অন্যতম ভয়াবহ দিন।
ইসলামাবাদভিত্তিক বিশ্লেষণকারী সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, গত বছরে পাকিস্তানে হামলায় কমপক্ষে ১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৬৮৫ জন পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
সূত্র: রয়টার্স