প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬ পিএম
ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানিয়ে এ কাজ ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এ খবর জানায়।
ভাঙচুরের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘দখলদারি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। এটি দুঃখজনক।’
তিনি আরও বলেন, বাঙালি পরিচয় ও গর্ব লালনকারী স্বাধীনতাসংগ্রামকে যারা মূল্যায়ন করেন, তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এ বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। এ ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও জয়সওয়ালের মন্তব্য প্রকাশ করা হয়েছে।
সূত্র : এনডিটিভি