প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ পিএম
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। ছবি: সংগৃহীত
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ব্মিানবন্দরে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটে। ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে আরও বলেছে, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কনভেয়র বেল্টের কাছে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন, এমন সময় ফুলকি থেকে আগুন ধরে।
এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নির্মাণ শ্রমিকদের কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায়। এই আগুন বিমানবন্দরের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এ সময় টেলিফোনে দমকল বাহিনীকে আগুনের ঘটনা জানানো হয়। যদিও দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা।
বিমানবন্দর সূত্র বলছে, বিমানবন্দরের আবর্জনা ফেলার স্থানেও আগুন ছড়িয়ে পড়েছিল। তবে এতে বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণে কোনও ব্যাঘাত ঘটেনি।
বুধবার থেকে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) শুরু হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫ হাজারের বেশি অতিথি অংশ নেবেন।
ইতোমধ্যে অতিথিদের অনেকেই কলকাতায় পৌঁছাতে শুরু করেছেন। বিজিবিএসের অতিথিদের আগমনের মাঝেই বিমানবন্দরে অগ্নিকাণ্ড সেখানে উদ্বেগ তৈরি করে। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।