প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২১:৪৬ পিএম
সালওয়ান মোমিকা। ছবি : সংগৃহীত
সুইডেনে পবিত্র কোরআন শরিফের কপি পুড়িয়ে বিতর্ক ও সহিংস বিক্ষোভকে উসকে দেওয়া ৩৮ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের সোদারতালজে একটি অ্যাপার্টমেন্টে সালওয়ান মোমিকা নামের ওই যুবক গুলিতে নিহত হন। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারে ছিলেন।
২০২৩ সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের বাইরে পবিত্র কুরআন শরিফে আগুন ধরিয়ে দেওয়ার পর ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
স্টকহোম পুলিশ নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে রাতে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১১ মিনিটে হোভসজোর একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে বৃহস্পতিবার সকালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
মূলত ইরাকের বাসিন্দা এবং সুইডেনে বসবাসকারী মোমিকার বিরুদ্ধে ২০২৩ সালে একাধিক ঘটনার জন্য ‘একটি জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের’ অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের রায় হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর তা স্থগিত করেছে।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, নিরাপত্তা বাহিনীগুলো বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে তদন্ত করছে।
মোমিকার ইসলামবিরোধী আচরণে সে সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। বাগদাদে সুইডিশ দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়। এমনকি সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনাও ঘটে।
সুইডিশ কর্তৃপক্ষ অবশ্য বাক-স্বাধীনতা আইনে মোমিকার কোরআন পোড়ানোর প্রতিবাদ জানানোর অনুমতি দিয়েছিল। পরে সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে এ জাতীয় বিক্ষোভ সীমাবদ্ধ করতে আইন পর্যালোচনার প্রতিশ্রুতি দেয়।