× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লস অ্যাঞ্জেলেসে আবারও দাবানল, ছড়িয়ে পড়ছে দ্রুত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১২:৩৪ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে আবারও দাবানল তৈরি হয়েছে। দ্রুত ছড়িয়ে এরই মধ্যে অন্তত ২১ বর্গকিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে এ নতুন দাবানলে। বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকায় হাজারও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন স্থানীয়দের দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এর আগে পলিসেডস ও ইটন দাবানলে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের বিপর্যয় আমরা এ এলাকায় দেখতে চাই না। যদি আপনাকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়ে থাকে, দয়া করে এখনই চলে যান।’

দমকলকর্মীরা জানিয়ছেন, কাস্টেইক লেক এলাকায় শুরু হওয়া ‘বিশাল আগুন’ স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। এ এলাকায় প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ বসবাস করেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে।

দমকা বাতাসে আগুনের বিস্তার

সান্তা আনা নামক শুকনো ও শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমির পাশাপাশি পানিবাহী উড়োজাহাজ থেকেও কাজ করছেন।

আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আবহাওয়াবিদদের মতে, এ সময়ের ‘রেড ফ্ল্যাগ’ পরিস্থিতি, অর্থাৎ শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি।

আগের দাবানল আংশিক নিয়ন্ত্রণে

লস অ্যাঞ্জেলেস অঞ্চলের ইটন ও পালিসেডস দাবানল অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে, ইটন দাবানল ৯১ শতাংশ এবং পালিসেডস দাবানল প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ দাবানলে অন্তত ২৮ জনের প্রানহানি হয়েছে, ধ্বংস হয়েছে প্রায় ১৬ হাজার ঘরবাড়ি।

পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেস পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদার জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা