প্রবা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৯:৫৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ২০:৪৬ পিএম
সৌদি আরবের প্রস্তাবিত নিওম শহর। ছবি : সংগৃহীত
সৌদি আরবের ‘নিওম’ শহরের স্টেডিয়ামগুলো হবে মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে এবং সেগুলো থাকবে ঝুলন্ত। ভবিষ্যৎকে নতুনভাবে কল্পনা করতে সাহায্য করবে এই স্টেডিয়ামগুলো।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের গ্লোবাল সামিটে বক্তব্য রাখতে গিয়ে বুধবার (৩০ নভেম্বর) এমনটাই জানিয়েছেন দেশটির ৫০০ বিলিয়ন ডলারের গিগা-প্রকল্প নিওম-সিটির প্রধান নির্বাহী (সিইও) নাধমি আল-নাসর।
একই সঙ্গে নাধমি আল-নাসর জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বের পর্যটনকেন্দ্রে পরিণত হওয়ার যে সৌদি উচ্চাকাঙ্ক্ষা তা স্থিরভাবে অনুসরণ করা হচ্ছে।
স্পোর্টস স্টেডিয়াম সম্পর্কে তিনি বলেন, 'দ্য লাইনে (নিওম শহর হবে লম্বাকৃতির, এর আরেক নাম এটি) আমরা চাই মানুষ এসে দেখুক কীভাবে স্পোর্টস স্টেডিয়াম তৈরি হয় এবং কোথায় তৈরি হয়। আমরা নিওমের স্পোর্টস স্টেডিয়ামগুলোকে ছাড়া ছাড়াভাবে তৈরি করব না। আমরা স্থানের সর্বোত্তম ব্যবহারে বিশ্বাস করি।'

আল-নাসরের মতে, নিওমের অবস্থানের কারণে এটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত হওয়ার সব সম্ভাবনাই রয়েছে।
তিনি বলেন, ‘আমরা ইউরোপ থেকে দুই ঘণ্টা দূরে। বিশ্বাস করুন বা না করুন, আমরা আফ্রিকাকে মাইলের মধ্যে দেখতে পাই। আমরা তিনটি মহাদেশের সংযোগস্থল।’
আল-নাসর বলছেন, নিওমের পর্যটন অতীত ও ভবিষ্যতের সংমিশ্রণ হবে’ কারণ এই অঞ্চলটির একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, যা ৫ হাজার বছরের প্রাচীন।