× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের শপথ আজ, বাইডেন অধ্যায়ের অবসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১০:০৭ এএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১০:৪০ এএম

ট্রাম্পের শপথ আজ, বাইডেন অধ্যায়ের অবসান

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসিজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।

আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই।

অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন। ব্যাপক সতর্কতা হিসেবে স্থাপন করা হয়েছে কালো রঙের ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দীর্ঘ ও উঁচু অস্থায়ী বেড়া। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী ২৫ হাজার কর্মকর্তা। অভিষেক অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হচ্ছে চেকপয়েন্ট। থাকছে অগণিত সিসি ক্যামেরাও।

আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে রবিবার সর্বশেষ র‌্যালিতে অংশ নেন ট্রাম্প।

বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের।

১৮৭৪ সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনও যোগ দেননি। সেদিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক।

২০২১ সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল।

ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক, টিকটকের শু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

ভয়াবহ বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক অভিষেক। ১৯৮৫ সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক, এরই মধ্যে লাখো মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা