প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ০০:৪৫ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১০:৪৮ এএম
খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থানে দাঁড়িয়ে ফিলিস্তিনি শিশু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এ চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা।
দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি) ঐকমত্যে আসে হামাস ও ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহু।
নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ।
যেভাবে কার্যকর হবে যুদ্ধবিরতি
চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এর
অধীনে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।
প্রথম ধাপের ১৬তম দিনের মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। সেখানে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এ কাজ মিসর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।