যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ০১:২৩ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কিছু অংশ ধ্বংস করে দেওয়া দুটি ব্যাপক দাবানলের সীমা চরম পরিস্থিতিতে সত্ত্বেও তা ঠেকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।
চারদিকে শুকিয়ে খটখটে হয়ে থাকা পরিবেশের মধ্যে মরুভূমি থেকে ধেয়ে আসা বাতাসে আগুন আরও উস্কে ওঠার মতো বিপজ্জনক অবস্থা বিরাজ করছে, কিন্তু দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় দাবানল আর ছড়াতে পারেনি। উল্টো দাবানলের ওপর নিয়ন্ত্রণ কিছুটা হলেও বাড়াতে সক্ষম হয়েছেন তারা; জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্য ও দুই দেশের প্রায় ৮ হাজার ৫০০ দমকল কর্মী লস অ্যাঞ্জেলেসের দাবানলগুলোর বিরুদ্ধে লড়াই করছেন। তারা টানা দ্বিতীয় দিনের মতো দাবানলগুলোকে আর বাড়তে দেননি। তবে ৭ জানুয়ারি শুরু হওয়া এই দাবানলের থাবায় ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রায় সমপরিমাণ এলাকা ধ্বংস হয়ে গেছে।
আকাশযানের একটি বহর শুকিয়ে রুক্ষ হয়ে থাকা পাহাড়গুলোতে পানি ঢালছে ও আগুন নিরোধক ছিটাচ্ছে। নিচে স্থলে থাকা দমকল কর্মীরা পানির পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে ২৪ ঘণ্টা আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তীব্র ঝোড়ো বাতাসের কারণে আকাশযানগুলো কখনও কখনও নিচে নামিয়ে রাখতে হচ্ছে।
এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা, যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে।
আবহাওয়া দপ্তর আরও বলেছে, এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও ১১টি নতুন দাবানল শুরু হয়েছিল, কিন্তু দমকল কর্মী ও সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত থাকায় সেগুলো দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়।
লস অ্যাঞ্জেলেস নগরীর পশ্চিম প্রান্তের দাবানলটিই সবচেয়ে বড়। এই প্যালিসেইডস আগুন ৯৬ বর্গকিলোমিটার এলাকা (২৩,৭১৩ একর) পুড়িয়ে দিয়েছে। কিন্তু দমকল কর্মীরা এটিকে এই সীমার মধ্যেই আটকে রাখতে সক্ষম হয়েছেন আর তাদের নিয়ন্ত্রণ ৩ শতাংশ বাড়িয়ে মোট ১৭ শতাংশে উন্নীত করতে পেরেছেন।