প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১০:৫০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১০:৫৮ এএম
লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। ফলে আরও ভয়ংকর রূপ নিতে পারে দাবানল।
বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনার বাতাস মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা অগ্নিনির্বাপণ কাজে সহায়ক হতে পারে।
লস অ্যাঞ্জেলেসে এখনও সক্রিয় রয়েছে তিনটি বড় দাবানল। এর মধ্যে সবচেয়ে বড় পালিসেডস দাবানলে ২৩ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এর মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইটন দাবানল এখন পর্যন্ত ১৪ হাজার একর এলাকা ধ্বংস করেছে এবং এর ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পালিসেডস দাবানলের বিস্তার খুব বেশি হয়নি।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে নয়জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ২৩ জন। দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে।
সূত্র : বিবিসি