প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৭:০৯ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:২৮ পিএম
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো
কলম্বিয়ার প্রথম বামপন্থি নেতা হিসেবে প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় রবিবার বিকেলে রাজধানী বোগোটার বলিভার প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নিয়ে গুস্তাভো পেত্রো বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলোর সঙ্গে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে ঐক্যের ডাক দেন তিনি।
পেত্রোর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্যানিশ রাজা ফিলিপ ষষ্ঠসহ, ল্যাতিন আমেরিকার অন্তত নয়জন প্রেসিডেন্ট। এ ছাড়া কলম্বিয়ার নাগরিকসহ প্রায় এক লাখ আমন্ত্রিত অতিথি এ অনুষ্ঠান দেখেন।
পেত্রো তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘আমি দুটি দেশ চাই না, দুটি সমাজও চাই না। আমি শুধু একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ কলম্বিয়া চাই।’
৬২ বছর বয়সী সাবেক সিনেটর পেত্র দেশটির বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে স্থগিত শান্তি আলোচনা পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (এফএআরসি) সাবেক সদস্যদের সঙ্গে ২০১৬ সালে বাতিল হওয়া শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে মাদকের তথ্য বিনিময়ের শর্তে দলগুলোর সদস্যদের শাস্তি কমানোর আলোচনা করা হবে।
পেত্রো বলেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোর এ সুযোগ গ্রহণ করা উচিত। শান্তির জন্য তাদের আইনি সুবিধাগ্রহণ করা এবং সহিংসতা বর্জন করার লক্ষ্যে অস্ত্র ফিরিয়ে দেওয়া উচিত।
জাতিসংঘের নেতৃত্বাধীন মাদকযুদ্ধ পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে পেত্র বলেন, ‘মাদকের বিরুদ্ধে লড়তে এখন নতুন আন্তর্জাতিক কৌশল প্রয়োজন।’
এ ছাড়া তিনি আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। তিনি বলেন, যেসব দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস উৎপাদন করছে, তাদের উচিত এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে কলম্বিয়ার অর্থনীতিকে তেল বা কয়লানির্ভরতা থেকে বাইরে নিয়ে আসার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া বাণিজ্য ব্যবস্থা চালু করার মাধ্যমে ভেনিজুয়েলার সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালুর চেষ্টা চালানোর কথা বলেন তিনি।
গত ২৯ মে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পেত্রো জয়ী হলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। এ কারণে গত ১৯ জুন দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই দফায়ও তিনি ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। দ্বিতীয় দফায় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রোদোলফো এরনান্দেজ।
প্রবা/এনএস/