প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১১:১৫ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৩:২০ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই দাবানলের কারণে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ১ লাখেরও বেশি লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
লস অ্যাঞ্জেলসের শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, এই পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আবহাওয়াবিদ ডেনিয়েল সোয়াইন জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অ্যান্থনি ম্যারোনির বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, পালিসেডস ও ইটঁন এলাকায় দুইটি দাবানলে ৭ হাজারের বেশি এলাকা পুড়ে গেছে। পালিসেডসের আগুনে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের আলটাডেনার শহরতলীর ১০ হাজার ৬০০ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলসের প্রায় ১ হাজার ৫০০ ভবন পুড়ে গেছে।
ম্যারোনি আরও জানিয়েছেন, ২৪ ঘন্টা পার হলেও দাবানল নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি বরং তা আরো ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ি-গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা একে হলিউডের সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করছেন।
আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নেভাতে ১ হাজার ৪০০ দমকলকর্মী কাজ করছেন। অত্যাধুনিক সরঞ্জাম দিয়েও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না।