প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১১:৫১ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি খামারে অভিযান চালিয়ে ১৫০টির বেশি বোমা উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। বুধবার (১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির এযাৎকালের একসঙ্গে জব্দ করা সবচেয়ে বেশি পরিমাণের বিস্ফোরক এগুলোই।
১৭ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে ১৮০ মাইল (২৯০ কিলোমিটার) দক্ষিণে আইল অব ওয়াইট কাউন্টি থেকে ব্র্যাড স্প্যাফোর্ডকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে এফবিআই জানতে পারে, স্প্যাফোর্ড তার খামারবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ মজুত করছেন। এ তথ্যের ওপর ভিত্তি করে এফবিআই তার খামারবাড়িতে অভিযানটি পরিচালনা করেছে। এখানে তিনি স্ত্রী ও ছোট দুই সন্তান নিয়ে থাকতেন।
তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরকগুলোর মধ্যে কিছু বিস্ফোরক শোবার ঘরে অনিরাপদ অবস্থায় একটি ব্যাকপ্যাকের ভেতরে পাওয়া গেছে। আর সেই ব্যাকপ্যাকটির গায়ে লেখা ছিল ‘#নোলাইভসম্যাটার।’ এটি স্পষ্টতই একটি উগ্র ডানপন্থী সরকারবিরোধী আন্দোলনের ইঙ্গিত।
সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কেবল একটি অনিবন্ধিত শর্ট-ব্যারেলড রাইফেল রাখার অভিযোগ আনা হয়েছে। যদিও তদন্তকারীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার তদন্তকারীরা জানিয়েছেন, এফবিআইয়ের ইতিহাসে আগে কখনো একসঙ্গে এত বেশি পরিমাণে পরিপূর্ণ বিস্ফোরক জব্দ করার ঘটনা ঘটেনি।
স্প্যাফোর্ড দেশটির কর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি টার্গেট অনুশীলনের জন্য ব্যবহার করেছিলেন। তাছাড়া তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যা করা হবে বলে আশাও প্রকাশ করেছিলেন।
আদালতের নথি অনুযায়ী, সম্প্রতি তিনি স্থানীয় একটি রেঞ্জে গিয়ে স্নাইপার-রাইফেল শুটিংয়ে অংশগ্রহণ করার যোগ্যতা সনদ চেয়েছিলেন।