প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৪১ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০ পিএম
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গত ৩ ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ইউন দেশটিতে সামরিক আইন জারি করেন। এতে জনরোষের মুখে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়। যার ফলে কয়েক ঘণ্টার মাথায় পরদিন সকালে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এই সামরিক আইন জারি করার জন্যই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করা হয়েছে।
দুর্নীতি তদন্ত অফিসের (সিআইও), পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘যৌথ তদন্ত সদর দফতরের অনুরোধে আজ সকালে প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে।’
এই প্রথম দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। তবে প্রেসিডেন্ট ইউনকে কখন গ্রেপ্তার করা হবে তা স্পষ্ট নয়।
সূত্র : আলজাজিরা