প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
মেক্সিকোর পূর্বাঞ্চলে যাত্রীবাহী বাস ও সেমি-ট্রেলার ট্রাকের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন। শনিবার (২৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ভেরাক্রুজ রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, শুক্রবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজের লস মোলিনোসের কাছে পেরেতো-জালাপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এক মেয়েশিশু, চারজন নারী ও তিনজন পুরুষ নিহত হয়েছে।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এডিও বাসটি মেক্সিকো সিটি-জালাপা রুটে যাচ্ছিল। বাসের চালক পথে থাকা সেমি-ট্রেলারের উপস্থিতি লক্ষ করেননি। ফলে সংঘর্ষটি হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ভেরাক্রুজের গভর্নর রোসিও নাহলে সমাজমাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য রাজ্য ফেডারেল সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, জালাপা অঞ্চলের প্রসিকিউটর কার্যালয় এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এ দুর্ঘটনার আগের দিনই দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে; যাতে অন্তত ছয়জন নিহত হয়েছে।