প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০ পিএম
আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ১৯০ এর ধ্বংসাবশেষ। বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আকাতাউয়ের কাছ থেকে তোলা। ছবি : সংগৃহীত
রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটিকে ভূপাতিত করেছে। আজারবাইজানের প্রাথমিক তদন্তে এ বিষয়টি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তদন্তের প্রাথমিক ফলাফল সম্পর্কে অবগত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন।
রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী বিমানটিকে ভূপাতিত করেছে বলে রয়টার্সের এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে ক্রেমলিনকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
গত বুধবার, ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের বাণিজ্যিক সার্ভিসের বিমানটি (ফ্লাইট জে-৮২৪৩) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। পথিমধ্যে কাজাখস্তানের দক্ষিণাঞ্চলীয় আকতাউ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হন।
গ্রোজনিতে যাওয়ার পথে ইউক্রেনের ড্রোন হামলার বিরুদ্ধে বারবার রাশিয়া আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছে এমন একটি এলাকা থেকে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বিমানের পাইলটরা আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন। তবে, এমব্রায়ার ১৯০ নামের বিমানটি এতদূর যেতে পারেনি। বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, বিমানটি জরুরি পরিস্থিতির মুখে পড়েছিল, যা হয়তো পাখির আঘাতের হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিমানটির যাত্রাপথে সবচেয়ে নিকটতম রাশিয়ান বিমানবন্দর ছিল মাখাচকালা। গত বুধবার সকালে এই বিমানবন্দরটি বন্ধ ছিল।
আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফল সম্পর্কে অবগত এক সূত্র রয়টার্সকে জানিয়ছে, বিমানটিকে রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল।
সূত্রটি জানিয়েছে, কেউ এমন দাবি করছে না যে বিমানটিকে উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করা হয়েছে। তবে বাকু আশা করছে, প্রতিষ্ঠিত তথ্য বিবেচনায় নিয়ে রাশিয়া আজারবাইজানের বিমান ভূপাতিত করার কথা স্বীকার করবে।
অন্য তিনটি সূত্রও নিশ্চিত করেছে, আজারবাইজানের তদন্ত একই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী কানাত বোজিমবায়েভ জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে ভূপাতিত করেছে, তিনি এ কথার সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করতে পারবেন না।
সূত্র : রয়টার্স