প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। ছবি : সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ও জাতিসংঘের অন্য কর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তবে তিনি নিরাপদে আছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সমাজিক মাধ্যম এক্সের পোস্টে এ বিষয়ে জানিয়েছেন ডব্লিউএইচও-প্রধান।
এক্সের পোস্টে গেব্রেয়াসুস জানিয়েছেন, এ হামলায় তাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে তিনি নিরাপদে রয়েছেন। জাতিসংঘের অন্যান্য কর্মীরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন, তাদের মুক্তির বিষয়ে আলোচনা করতে ও যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক পরিস্থিতির মূল্যায়ন করতে দেশটিতে গিয়েছিলেন ।
এক্সে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁদের ওই কাজ শেষ হওয়ার পর তারা যখন বিমানবন্দর থেকে বিমানে উঠতে যাচ্ছিলেন সে সময় এ হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রণ টাওয়ার ও রানওয়েসহ বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
গেব্রেয়াসুস বলেছেনন, ‘বিমানবন্দর ছাড়ার আগে আমাদের বিমানবন্দরের ক্ষয়ক্ষতি মেরামতের জন্য অপেক্ষা করতে হবে।’
বৃহস্পতিবার ইয়েমেনে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।
হুতি পরিচালিত সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরে অন্তত তিনজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে আরও তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরে ইসরায়েলের চালানো এসব হামলাকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছে।
এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে গোয়েন্দানির্ভর হামলা চালিয়েছে।