প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১২:১৯ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪ পিএম
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি : সংগৃহীত
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করতে যাচ্ছে দেশটি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ভারতের সাবেক এ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবারের নির্ধারিত সব সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। বেলা ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া শোকের সময় দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ সব ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে। শোকের এই কয়দিন তাদের দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে। আগামী ৩ জানুয়ারি থেকে পুনরায় দলটির সব আনুষ্ঠানিক কর্মসূচী চালু হবে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধীদলেন নেতা ও কংগ্রেস সদস্য রাহুল গান্ধী পর্যন্ত অনেক রাজনীতিবিদ ও গণমান্য ব্যক্তিরা সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে মোদি লিখেছেন,‘দেশ একজন অন্যতম শ্রেষ্ঠ নেতাকে হারাল।’
এদিকে, মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, তিনি একজন ‘পরামর্শদাতা ও পথপ্রদর্শক’ হারিয়েছেন।
১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই দফায় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ।