প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
সিরিয়ার পশ্চিমাঞ্চলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর ‘অতর্কিত হামলায়’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার ভূমধ্যসাগরীয় তারতুস বন্দরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে।
দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার নিরাপত্তা বাহিনী দেশটির রাজধানী দামেস্কের নিকটবর্তী কুখ্যাত সাইদনায়া কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত আসাদ সরকারের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা করে। সে সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন।
এসওএইচআর আরও জানিয়েছে, এ হামলার পরে সেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হয়।
মাত্র দুই সপ্তাহ আগে সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বাশার আল–আসাদের সরকারের পতন হয়।
দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা তাদের অভিযান শুরু করেছিলেন। যা পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। এইচটিএস নেতৃত্বাধীন অভিযানের ফলে গত ৮ ডিসেম্বর আসাদ পরিবারের ৫০ বছরেরও বেশি সময় ধরে চালানো স্বৈরশাসনের অবসান ঘটে। আসাদ ও তার পরিবার রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
সূত্র : বিবিসি