প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৭ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:২০ এএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গণমাধ্যম এ বিষয়ে জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছের ঘটনাবলি কভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ছে। একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া ওই সাদা রঙের গাড়িটির পেছনে লাল অক্ষরে বড় করে ‘প্রেস’ শব্দটি লেখা রয়েছে।
নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসানা, ইব্রাহিম আল-শেখ আলি, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।
আল-শরিফ আরও জানিয়েছেন, আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার স্ত্রীর প্রসববেদনা উঠেছিল। তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছিল। তবে সন্তানের মুখ আর দেখে যেতে পারলেন না জাদি।
কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী মরদেহগুলো উদ্ধার করেছে ও ঘটনাস্থলের আগুন নিভিয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
সাংবাদিক সুরক্ষা কমিটির (সিপিজে) তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধেে এখন পর্যন্ত অন্তত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা