প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৫০ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
কাজাখস্তানে আজারবাইজান এয়ারলান্সের বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বিমান দুর্ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহত ২২ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজন ১১ বছরের মেয়ে ও একজন ১৬ বছরের কিশোরও রয়েছে।
৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের বাণিজ্যিক সার্ভিসের বিমানটি সে দেশের বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। পথিমধ্যে কাজাখস্তানের দক্ষিণাঞ্চলীয় আকতাউ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
জানা গিয়েছে, কুয়াশার কারণে বিমানটির রুট পরিবর্তন করা হয়েছিল। বিমানটির পাইলটরা আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন। তবে, এমব্রায়ার ১৯০ নামের বিমানটি এতদূর যেতে পারেনি। বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভয়াবহ ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি দ্রুতগতিতে উপর থেকে নিচের দিকে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে ও এতে আগুনে ধরে যায়।
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আকতাউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিধ্বস্ত হওয়ার আগে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি একাধিকবার বিমানবন্দর চক্কর দিয়েছিল।
কাজাখস্তানের জরুরি বিভাগ জানিয়েছে, জরুরি বিভাগ দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে।
আজারবাইজান এয়ারলাইন্স এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।