প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১২:১৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ১২:২০ পিএম
ছবি : সংগৃহীত
সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। একইসঙ্গে দেশটির জনগণের ইচ্ছা ও দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে বলেছেন। বুধবার (২৫ ডিসিম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে শিবানি বলেছেন,‘ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ানোর ব্যাপারে আমরা তাদের সতর্ক করছি।’
মঙ্গলবারের পোস্টে তিনি ইরানের সর্বশেষ মন্তব্যের সমালোচনাও করেছেন। তবে, তিনি কোন মন্তব্যের কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি।
গত রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ার তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি দেশটিতে যারা নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে বলেছেন তরুণদের।
খামেনি বলেছেন,‘আমরা মনে করি, সিরিয়াতেও একটি শক্তিশালী ও সম্মানিত দলের উত্থান ঘটবে। কারণ আজ সিরিয়ার তরুণদের হারানোর কিছুই নেই। তাদের স্কুল, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর ও রাস্তাঘাট অনিরাপদ।’
তিনি আরও বলেছেন,‘তাই, সিরিয়ার তরুণদের অবশ্যই নিরাপত্তাহীনতার পারিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে জয়ী হতে হবে।’
দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত ৮ ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন সিরিয়ার বিদ্রোহীরা।
সূত্র : রয়টার্স