প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:১৬ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৮ পিএম
রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু। ছবি : সংগৃহীত
রোমানিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকুর নেতৃত্বাধীন দেশটির নতুন সরকার শপথ গ্রহণ করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) পার্লামেন্টে আস্থা ভোট নিশ্চিত করার পরপরই এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি), ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল), হাঙ্গেরিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব রোমানিয়া (ইউডিএমআর) ও জাতীয় সংখ্যালঘুদের সমন্বয়ে গঠিত হয়েছে এ ইউরোপপন্থি জোট সরকার।
কোট্রোসেনি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দেশটির প্রেসিডেন্ট ক্লাউস আইওহানিস বলেছেন ‘(রোমানিয়ার) জনগণ সমাধান, স্থিতিশীলতা ও এমন একটি সরকার প্রত্যাশা করে যা রোমানিয়ার ইউরোপীয়পন্থি পথ দৃঢ়ভাবে বজায় রাখবে।’
আইওহানিস নতুন সরকারের জন্য দুটি বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। প্রথম চ্যালেঞ্জটি হলো ২০২৫ সালের ‘জটিল’ বাজেট প্রস্তুত করা। আর দ্বিতীয়টি হলো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনি ক্যালেন্ডার নির্ধারণ করা।
ওইদিন শপথ গ্রহণের আগে ৪৫০ আসনের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার যৌথ পূর্ণাঙ্গ অধিবেশনে জোট মন্ত্রিসভার পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়েছে। এর পক্ষে ভোট পড়েছে ২৪০টি আর বিপক্ষে ১৪৩টি। যা অনুমোদনের জন্য প্রয়োজনীয় ২৩৩ ভোটকে ছাড়িয়ে গেছে; যার ফলে জোট সরকার পার্লামেন্টে আস্থা ভোট নিশ্চিত করতে পেরেছে।
চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সিওলাকু তার সরকারের সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, ‘আমি এ দলের সব সদস্যের ওপর ভরসা করি। তাদের দুর্দান্ত অভিজ্ঞতা ও দৃঢ় পেশাদার দক্ষতা রয়েছে।’
সূত্র : সিনহুয়া