প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৬ এএম
জেফ বেজোস (বাঁ দিকে) ও লরেন সানচেজ। ছবি : সংগৃহীত
ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কনে বেজোসের দীর্ঘদিনের বান্ধবী লেখক-সাংবাদিক-উপস্থাপক লরেন সানচেজ।
বেজোস ও সানচেজের আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার। এমন নানা জল্পনা এখন বিভিন্ন গণমাধ্যমে ঠাঁই পেয়েছে।
এর আগে ২০১৯ সালে ম্যাকেনজি স্কটের সঙ্গে জেফ বেজোসের বিচ্ছেদ হয়। তাদের ২৫ বছরের দীর্ঘ সংসার ছিল। এই বিচ্ছেদ বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয়। কেননা, এখন পর্যন্ত জেফ বেজোস ও ম্যাকেনজিরটাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ। ওই বিচ্ছেদের আপসরফা হয়েছিল প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে। যার পুরোটাই ছিল আমাজনের শেয়ার।
বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেনজি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন।
ডেইলি বিস্ট-এর খবরে বলা হয়, এখন নতুন করে জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন সানচেজের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে বসছে আলোচিত এই বিয়ের বিলাসবহুল আয়োজন।
সূত্র : বিবিসি