প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ০৯:২০ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:২৪ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (বাঁ দিকে) ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবার (২৩ ডিসেম্বর) রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে ইসলামাবাদের জবাবদিহি আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) সেই রায় ঘোষণা স্থগিত করেছেন।
আদালতে বিচারপতি নাসির জাভেদ রানা বলেন, ‘আজ রায় ঘোষণা করা হবে না। ছুটি (আদালতে) শুরু হচ্ছে ও হাইকোর্টে একটি কার্যধারাও আছে।’
বিচারপতি আরও বলেন, শিগগিরই রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে।
আনুষ্ঠানিকভাবে ২৪ ডিসেম্বর থেকে আদালতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে।
রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে তার ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। এ মামলায় গত বছরের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়। সাধারণ নির্বাচনের পরপরই গত ২৭ ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি ও অনেক জমি নিয়েছিলেন। ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে পাঁচ হাজার কোটি রুপি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল, তা বৈধ করতে এসব লেনদেন হয়েছে।
ডিসেম্বরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান, তার স্ত্রী বুশরাসহ আটজনের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুর্নীতির একটি অভিযোগ আনে।
সূত্র : ডন