প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম
বুশরা বিবি। ছবি : সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ২৬ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত ৩২টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।
এটিসির বিশেষ জজ আমজাদ আলী শাহ ১৩ জানুয়ারি পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন।
শনিবার (২১ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
রাওয়ালপিন্ডি, অ্যাটক ও চকওয়ালের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। শুনানি চলাকালে তিনি আদালত কক্ষে উপস্থিত থেকে জামিনের জন্য প্রয়োজনীয় জামিননামা জমা দিয়েছেন। জামিন মঞ্জুর হওয়ার পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে তার পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে।
গত মাসে বিক্ষোভের জন্য বুশরা বিবি ও ইমরান খানের পাশাপাশি পিটিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্ব আলী আমিন গান্দাপুর, সালমান আকরাম রাজা ও শেখ ওয়াকাস আকরামের বিরুদ্ধেও বিভিন্ন মামলায় মামলা দায়ের করা হয়েছে। সরকারের কঠোর দমনপীড়নের পর বিক্ষোভটি শেষ হয়েছিল।
নভেম্বরের বিক্ষোভের সময় গাড়ির ঢাক্কায় তিন রেঞ্জার্সের কর্মী নিহত হন। বুশরা বিবি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই ঘটনায় ‘ট্রিপল মার্ডার’ মামলাও দায়ের করা হয়েছে।
গত কয়েক মাস ধরে এই দম্পতি নতুন তোশাখানা ও ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলাসহ নানা আইনি মামলায় জড়িয়ে আছেন।
সূত্র : জিও নিউজ