প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২৪ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৪৭ এএম
ঘটনাস্থলে ছুটে যাচ্ছে পুলিশের গাড়ি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্য থেকে তোলা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। অঙ্গরাজ্যটির পুলিশ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে জানিয়েছে।
বুধবার এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগের কর্মকর্তারা টাউসনের লচ রেভেন বুলেভার্ড এলাকায় একাধিক গোলাগুলির খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে যান।
বাল্টিমোর কাউন্টির পুলিশপ্রধান রবার্ট ম্যাককুলো সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা একটি আগুনে পুড়তে থাকা গাড়ি পাশে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে গোলাগুলির শিকার একাধিক ব্যক্তিকে পাওয়া গেছে। দমকল বিভাগকেও সহায়তা প্রদানের জন্য বলা হয়েছে।’
সমাজমাধ্যম এক্সের একটি পোস্টে এ ঘটনার হালনাগাদ জানিয়ে বাল্টিমোর কাউন্টি পুলিশ লিখেছে, ‘এটিকে একটি গণশুটিং হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
ম্যাককুলো জানিয়েছেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও নয়জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, ‘এটি একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা একে অন্যকে জানতেন বলে আমাদের বিশ্বাস। আর এজন্য জনসাধারণের জন্য (এ বন্দুকধারীর হামলার শিকার হওয়ার) কোনো হুমকি নেই।’
তদন্তটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী কারণে গাড়িতে আগুন লেগেছে ও গোলাগুলি ঘটেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। নিকটবর্তী একটি ভবনের সম্মুখভাগে গোলাগুলির আলামত পাওয়া গেছে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র : সিনহুয়া, এবিসি নিউজ