ইউক্রেন- রাশিয়া যুদ্ধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:০৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৩০ পিএম
ছবি : সংগৃহীত
চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার শুরু করেছে রাশিয়া। উত্তর কোরিয়া রাশিয়ার একটি অন্যতম মিত্রদেশ। রবিবার (১৫ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চল ধরে রাখার জন্য লড়াইরত ইউক্রেনীয় সেনাবাহিনীর ওপর হামলায় প্রথমবারের মতো রুশ সেনাদের সঙ্গে অংশ নিয়েছেন উত্তর কোরিয়ার সেনারাও।
জেলেনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে ইউক্রেনীয়দের উদ্দেশ্য করে বলেছেন,‘আজ আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে যে রাশিয়ানরা তাদের হামলায় উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার শুরু করেছে। তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যা ইতোমধ্যেই ইউক্রেনীয় বাহিনীর ওপর রুশ হামলায় অংশ নিয়েছে।’
তিনি আরও জানান, উত্তর কোরিয়ার সেনাদের আপাতত রাশিয়ার সম্মিলিত ইউনিটে ও শুধু কুরস্ক যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।
উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধে ব্যবহার প্রসঙ্গে তিনি আরও বলেছেন,‘আমাদের কাছে যে তথ্য রয়েছে তা ইঙ্গিত দিচ্ছে যে, উত্তর কোরিয়ার সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে।’ উত্তর কোরিয়ার সেনারা এখনো ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করেননি।
উত্তর কোরিয়ার সেনাদের এ সক্রিয় অংশগ্রহণ এ চলমান যুদ্ধে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে বলেও জানিয়েছেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট। এ অবস্থায় তিনি কিয়েভের প্রতি পশ্চিমা মিত্রদেশগুলোর নতুন করে জোরাল সমর্থন কামনা করেন তিনি। আগামী সপ্তাহে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন জেরেনস্কি।
তবে, রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ করার এ খবরটি রাশিয়া নিশ্চিতও করেনি আবার অস্বীকারও করেনি।
এর আগে গত অক্টোবরে, রাশিয়ায় প্রায় ১১ হাজার উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করার দাবি করেছিল ইউক্রেন। এদিকে ইউক্রেনের মিত্রদেশ যুক্তরাষ্ট্র দাবি করে, রাশিয়ায় উত্তর কোরিয়া থেকে সেনা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়টি রাশিয়া কোনো মন্তব্য করেনি।
সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান