× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা তুলে নিবেন নিহতের স্বামী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১০:১৬ এএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৮ এএম

আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর ঘটনায় জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুনের বিরুদ্ধে করা মামলা তুলে নিবেন বলে জানিয়েছেন নিহত নারীর স্বামী। শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

শুক্রবার এ মামলায় গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। তিনি গ্রেপ্তার হওয়া কয়েক ঘণ্টা পর নিহত নারীর স্বামী এই অভিনেতার পক্ষ নেন। তিনি বলেছেন,‘আমি মামলা প্রত্যাহারের জন্য প্রস্তুত। গ্রেপ্তারের বিষয়টি আমি জানতাম না। পদপিষ্টের যে ঘটনায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে তার সঙ্গে আল্লু অর্জুনের কোনও সম্পর্ক নেই।’

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন শুক্রবার হায়দরাবাদে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর জনপ্রিয় এই তারকাকে প্রথমে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। এই থানাতেই তার নামে অভিযোগ করা হয়েছিল। সেখান থেকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিকেল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লি আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেখান থেকে আবার তেলেঙ্গানা উচ্চ আদালতে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা।  দিনভর নানা নাটকীয়তার পর সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।

তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার তার রয়েছে।

এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক ও অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার ছেলে শ্রীতেজ। সে এখনো চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।

হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮ (১) ধারায় মামলা করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় মামলা করে পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি।

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে, অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম। প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা