প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৩১ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২০ পিএম
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বাইরু। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার মিত্র ও মধ্যপন্থী নেতা ফ্রাঁসোয়া বাইরুকে নিয়োগ দিয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরেই দেশটিতে চারবার প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।
৭৩ বছর বয়সি বাইরু মধ্যপন্থী মোদেম পার্টির নেতা। মাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবেও তিনি পরিচিত। তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাজনৈতিক দিক দিয়ে বেশ প্রভাবশালী। তিনি নিজেকে ‘গ্রামাঞ্চলের মানুষ’ বলে পরিচয় দেন। তিনি এর আগে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পাউয়ের মেয়র ছিলেন।
২০১৭ সালে মাখোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে বাইরুকে তার মিত্র ও একজন অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তি হিসেবে দেখা হয়।
গত সপ্তাহে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডানপন্থী মিশেল বার্নিয়ারের বিরুদ্ধে অনস্থা ভোট অনুষ্ঠিত হয়। সে ভোটে বার্নিয়ার হেরে যান। মাত্র তিন মাস ক্ষমতায় থাকার পর তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি পদত্যাগ করেন। দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা খাটিয়েছিলেন বলে বার্নিয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল।
গত জুনে মাখোঁ আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। তবে সে নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনের পর দেশটির পার্লামেন্ট তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে। বামপন্থীদের জোট সবচেয়ে বেশি আসন পেলেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মাখোঁর নেতৃত্বাধীন মধ্যপন্থীদের জোট অনেক আসন হারালেও প্রতিদ্বন্দ্বিতা করার মতো আসন পায়। আর অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি আগের চেয়ে বেশি আসন পেলেও বাম ও মধ্যপন্থীদের কৌশলগত ভোটের কারণে তারা ক্ষমতায় যেতে ব্যর্থ হয়েছে।
নতুন প্রধানমন্ত্রীর হিসেবে সরকার গঠন করে ২০২৫ সালের পূর্ণ বাজেট পাস করেই হলো বাইরুর প্রধান কাজ।
সূত্র : দ্য গার্ডিয়ান