প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:২৭ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনকে ক্ষমা করেছেন ও দীর্ঘ মেয়াদে কারাদণ্ড ভোগ করা আরও প্রায় দেড় হাজার জনের সাজার মেয়াদ কমিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাইডেন এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টারের নিঃশর্ত ক্ষমায় স্বাক্ষর করার এক সপ্তাহ পর এই পদক্ষেপ নিলেন তিনি। তিনি এর আগেও দণ্ডপ্রাপ্ত আসামীদের সাজা মাফ করেছেন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে একদিনে দণ্ডপ্রাপ্ত আসামীদের ক্ষমা করার একটি নতুন রেকর্ড তৈরি করেছেন বাইডেন। এর আগে তিনি কখনো একদিনে এতোজনকে ক্ষমা করেননি ও সাজা কমান নি।
সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জাননো হয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কাভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এ ছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের সাজা ভোগ করেছিলেন।
বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, যারা অনুশোচনা ও পুনর্বাসিত হওয়ার ইচ্ছা দেখিয়েছেন তাদের প্রতি করুণা দেখানোর, তাদের যুক্তরাষ্ট্রের দৈনন্দিন জীবনে অংশগ্রহণ ও সম্প্রদায়ের প্রতি অবদান রাখার সুযোগ করে দেওয়ার এবং অহিংস অপরাধী ও মাদক অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাজা কমানোর ও সাজা মাফ করার মহান সুযোগ আমার রয়েছে।’