প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ১২:০২ পিএম
আগুনে দাউ দাউ করে পুড়ছে হাসপাতাল ভবন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ু থেকে তোলা। ছবি : সংগৃহীত
ভারতের তামিলনাড়ু রাজ্যের ডিন্ডিগুলের একটি শীর্ষস্থানীয় অর্থোপেডিক হাসপাতালে আগুন লেগে এক শিশু ও দুই নারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।
হাসপাতালটির নিচতলার অভ্যর্থনা এলাকায় এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুতই হাসনপাতালের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মৃত্যূ হয়েছে মূলত অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার কারণে।
রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার জন্য অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। অন্তত ৩০ জন রোগীকে চিকিৎসার জন্য ডিন্ডিগুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। হাসপাতালটির ভেতরে আটকে পড়াদের সন্ধান ও সহায়তার জন্য উদ্ধার অভিযান এখনও চলছে।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া