প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১১:৫৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৪:১২ পিএম
চীনের মিসাইল উৎক্ষেপণ। ছবি : বিবিসি
তাইওয়ানে সামরিক মহড়া শেষ না হতেই ইয়েলো ও বোহাই সাগরে সামরিক মহড়া পরিচালনা করছে চীন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার চীনের এক জ্যেষ্ঠ সামরিক বিশ্লেষক জানান, চীন এখন তাইওয়ানের কাছে ‘নিয়মিত’ সামরিক মহড়া পরিচালনা করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপেই সফর নিয়ে কড়া প্রতিক্রিয়ার অংশ হিসেবে দ্বীপরাষ্ট্রটির আশপাশের ছয়টি এলাকায় সশস্ত্র মহড়া শুরু করে বেইজিং।
তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। তবে তাইওয়ান বরাবরই নিজেদের স্বাধীন বলে মনে করে। তাই এ ভূখণ্ডে বেইজিংয়ের সামরিক মহড়ার নামে আগ্রাসনের নিন্দা জানিয়েছে তাইপেই।
তাইওয়ানের আশপাশে পরিচালিত এ সামরিক মহড়া রবিবার শেষ হওয়ার কথা থাকলেও বেইজিং কিংবা তাইপেই কোনো পক্ষই এ বিষয়ে কিছু জানায়নি।
এরই মধ্যে বেইজিং আরও কয়েকটি স্থানে সামরিক মহড়া চালানোর পরিকল্পনার ঘোষণা দেয়।
এর মধ্যে শনিবার থেকে চীন এবং কোরিয়ান উপদ্বীপের মাঝের ইয়েলো সাগরে সশস্ত্র সামরিক মহড়া শুরু করে তা আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলার কথা বলেছে চীন।
এ ছাড়া গত শনিবার থেকে চীনের পূর্ব উপকূলে বোহাই সাগরের একটি এলাকায় মাসব্যাপী সামরিক অভিযান শুরু করেছে বেইজিং। এ ছাড়া বোহাই সাগরের উত্তরাঞ্চলেও একটি আলাদা সামরিক মহড়া পরিচালনা করছে দেশটি।
প্রবা/এনএস/ এসআর