× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম

 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

দেশজুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা প্রধান। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশ কেন্দ্র করে সহিংসতা এবং এতে প্রাণহানির ঘটনার কয়েক দিন পরই এমন হুমকি দিলেন ইমরান খান।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খান ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পেশোয়ার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এই প্রদেশে এখন পিটিআই ক্ষমতায়।

গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে এবং গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। ইমরানের মুক্তি দাবিতে গত মাসে ওই সহিংসতায় ১২ পিটিআই সমর্থক নিহত হন। গত বছরের ওই সহিংসতায় নিহত হন নয়জন। ইমরান খান বলেছেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এ দুই দাবি যদি পূরণ না হয়, তাহলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। আর এর যেকোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার।’

তবে পাকিস্তান সরকারের দাবি, গত ২৫ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আর গত বছরের ৯ মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিলেন।

এদিকে গত বছরের ৯ মের সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে গতকাল ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে অতীতের মতো এবারও ইমরান খান এসব মামলার দায় স্বীকার করেননি।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় ৭২ বছর বয়সি সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে। এরপর থেকে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে তার। গত বছরের শেষ দিক থেকে তিনি কারাবন্দি।

পিটিআইয়ের দাবি, ইমরান খানের বিরুদ্ধে এসব মামলা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সেনাবাহিনী। তাই সেনাবাহিনীর চাওয়া অনুযায়ী সাজানো মামলা দিয়ে ইমরান খানকে কারাবন্দি করে রাখা হয়েছে। তবে শুরু থেকেই ইমরান খান ও পিটিআইয়ের এমন অভিযোগ অস্বীকার করে আসছে দেশটির সেনা কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা