প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ০৯:০৭ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৮ এএম
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি : সংগৃহীত
সামরিক আইন জারি করার জন্য পুরো দেশের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। শনিবার (৭ ডিসেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ ক্ষমা চান।
তা ছাড়া সে ভাষণে তিনি আর কোনো সামরিক আইন জারি করা হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
আজ শনিবার জাতীয় পরিষদে তার অভিশংসনের পক্ষে আইনপ্রণেতাদের ভোট দেওয়ার কথা। এর মাত্র কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটল। তিন দিনের নীরবতা ভেঙে জনগণের কাছে ক্ষমা চাইলেন তিনি।
তিনি ক্ষমা চেয়েছেন, অনুতপ্ত হওয়ার কথা বলেছেন, কিন্তু পদত্যাগ করার বিষয়ে কিছু বলেননি। বরং তিনি আশা করছেন, তার দল প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন। আর তাই তারা অভিশংসনের পক্ষে ভোট দেবে না।
ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি আশা করছেন দেশ তাকে ক্ষমা করে দেবে ও সামরিক আইন জারি করার বিষয়টি ভুলে যাবে। কিন্তু দেশটির রাজধানী সিউলজুড়ে তার বিরুদ্ধে চলমান বিক্ষোভের আকার বড় ও জোরালো হচ্ছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রেসিডেন্ট ইওল দেশটিতে সামরিক আইন জারি করেন। এতে জনরোষের মুখে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়; যার ফলে কয়েক ঘণ্টার মাথায় বুধবার সকালে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।