প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই শুরু হবে। পাকিস্তানের করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকিমিশনার এসএম মাহবুবুল আলম এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
হায়দরাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি (এইচসিএসটিএসআই) পরিদর্শনের সময় তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার ফলে উভয় দেশ ও দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে।
তিনি জানিয়েছেন, এইচসিএসটিএসআইয়ের সহযোগিতায় হায়দরাবাদে উভয় দেশের আমদানি ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেই বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য মাহবুবুল আলম পাকিস্তানের ব্যবসায়ীদেরও আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন