প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫০ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। ছবি : সংগৃহীত
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কয়েকদিনের মধ্যেই ঘোষণা করবেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। শুক্রবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছেন মিশেল বার্নিয়েল। গতকাল প্রেসিডেন্ট মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বার্নিয়েলের পদত্যাগের পর বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ‘আগামী কয়েকদিনের’ মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার অঙ্গীকার করেছেন মাখোঁ।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে ১০ মিনিটের ভাষণ দেন মাখোঁ। তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য বিরোধী দল তার ওপর যে চাপ প্রয়োগ করছে, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
২০২৭ সালে প্রেসিডেন্ট হিসেবে মাখোঁর মেয়াদ শেষ হবে। তিনি অঙ্গিকার করেছেন, তার মেয়াদ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্টের পদে বহাল থাকবেন।
মাত্র তিন মাস ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্নিয়ার। এই স্বল্প মেয়াদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মাখোঁ। কট্টর ডানপন্থী ও কট্টর বামপন্থীরা সরকার পতনের জন্য ‘প্রজাতন্ত্র বিরোধী’ উদ্যোগ নিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
এর প্রতিক্রিয়ায় কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) নেত্রী মেরিন লা পেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন,‘প্রেসিডেন্ট মাখোঁ যাকে সংবিধানের গ্যারান্টর বলে মনে করা হয়, তাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে সমালোচনা করা প্রজাতন্ত্রবিরোধী নয়। এটা আমাদের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে উল্লেখ করা আছে।’