প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৩:০৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১১ পিএম
ছবি : সংগৃহীত
ভারতে চিকিৎসা সেবা নিতে আসা মেডিকেল ভিসাধারী বাংলাদেশিদের ত্রিপুরার হোটেলগুলো সেবা দেবে বলে জানিয়েছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এথ্রোয়া)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার এথ্রোয়া জানিয়েছে, মেডিকেল ভিসা নিয়ে আসা বাংলাদেশিদের থাকাসহ অন্যান্য সেবা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়া অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে সংগঠনটি।
একটি উল্লেখযোগ্য নীতির পরিবর্তনের ফলে এথ্রোয়া বৃহস্পতিবার বাংলাদেশি নাগরিকদের ওপর তার পূর্ববর্তী নিষেধাজ্ঞা শিথিল করেছে। আর জানিয়েছে, সংশোধিত নীতিটির লক্ষ্য জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার নৈতিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখা।
এথ্রোয়া বলেছে,‘আমরা মেডিকেল ভিসা নিয়ে আসা অতিথিদের স্বাগত জানানো অব্যাহত রাখব। যাতে তারা যথাযথ বাসস্থান ও যত্ন পায়।’
গত সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার কোনো হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না বলে এথ্রোয়া ঘোষণা দিয়েছিল।
এথ্রোয়ার সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সোমবার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে । আর ওইদিন থেকেই বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনো হোটেলে থাকতে না দেওয়ার সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।
বাংলাদেশে কথিত হিন্দু বিরোধী সহিংসতা ও বাংলাদেশি নাগরিকদের দ্বারা ভারতীয় পতাকার অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র : দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান