প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ০৯:০১ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫০ এএম
ইসরায়েলি হামলার পর এক ব্যক্তি ধ্বংসস্তূপের ভেতরে খোঁজ করছেন ও অন্যরা দাঁড়িয়ে রয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্য গাজার নুসেইরাত থেকে তোলা। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার (৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ফিলিস্তিনি সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেইত লাহিয়া শহরের একিটি আবাসিক বাড়ি লক্ষ করে হামলা চালিয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসল সিনহুয়াকে জানিয়েছেন, এ হামলায় নারী, শিশুসহ অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি দখলদার বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৫৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৫ হাজার ৭৩৯ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
সূত্র : সিনহুয়া