প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৬ পিএম
বারাসত স্টেশনে আঁকা বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রাজ্যটির উত্তর ২৪ পরগনার বারাসত রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গত বুধবার বারাসত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রং দিয়ে বাংলাদেশের পতাকা আঁকতে থাকেন বজরং দলের সদস্যরা। বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে কয়েক জন প্রতিবাদ করছিলেন। এ খবর পাওয়া মাত্রই বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশের পতাকা অবমাননাকারী তিন যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারকৃতরা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য। তাদের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। সংগঠনটির নেতা বাপন বিশ্বাস বিষয়টি স্বীকার করেছেন।
বাপন বিশ্বাস বলেছেন,‘বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার প্রতিবাদেই আমরা ওই কর্মসূচি নিয়েছিলাম।’ পুলিশ গ্রেপ্তারকৃত তিন জনকে না ছাড়লে তারা বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা