প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:৫৫ পিএম
শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ছবি : সংগৃহীত
শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী তিন সপ্তাহের জন্য সাময়িকভাবে কারামুক্তি পেয়েছেন। চিকিৎসার জন্য তার কারাদণ্ডের সাজা স্থগিত করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) তার স্বামী তাকি রাহমানি বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন।
নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছেন, নার্গিসের কারামুক্তি তিন সপ্তাহ স্থায়ী হবে।
বুধবারেএক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন,‘চিকিৎসকের ব্যবস্থাপত্রের ভিত্তিতে তেহরানের সরকারি কৌঁসুলি নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন। তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’
তিনি আরও লিখেছেন,‘২১ দিন আগে অস্ত্রপচারের মাধ্যমে তার একটি টিউমার অপসারণ ও একটি হাড় গ্রাফটিং করা হয়েছে। অস্ত্রপচারের পর তার শারীরিক অবস্থার কারণে তাকে কারামুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যক্রমে তার টিউমারটি সৌম্য ছিল। তবে, প্রতি তিনমাস অন্তর তাকে পরীক্ষা করাতে হবে।’
অস্ত্রোপচারের পর তাকে দ্রুত কারাগারে ফিরিয়ে আনা হয়। যাতে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার গোষ্ঠীগুলো গত মাসে ইরানি কর্তৃপক্ষের কাছে নার্গিসকে চিকিৎসার জন্য কারামুক্তির অনুমতি দেওয়ার আবেদন করেছিল।
নার্গিস মোহাম্মদির পরিবারের সদস্য ও সমর্থকেরা
২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ী এ নারী মানবাধিকারকর্মীর পরিবারের সদস্য ও সমর্থকেরা তার সাময়িক কারামুক্তিকে ‘অপর্যাপ্ত’ বলেছেন।
এক বিবৃতিতে তারা বলেন, ‘নার্গিস মোহাম্মদীর ২১ দিনের কারাদণ্ড স্থগিত করাটা অপর্যাপ্ত। আমরা নার্গিস মোহাম্মদীর শর্তহীন মুক্তির দাবি জানাই।’
ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচার চালানো ইরানের মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক হিজাব পরিধানের বিধানের বিরুদ্ধে প্রচারণাসংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে সাজা ভোগ করতে হচ্ছে। ২০২১ সালের নভেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স, ভয়েস অব আমেরিকা, বিবিসি