প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১১:৪৪ এএম
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সামরিক আইন জারির পরামর্শ দেওয়া ও পার্লামেন্টে সেনা পাঠানোর জন্য কিমকে দোষারোপ করা হয়েছে। আর এরই প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউনকে সামরিক আইন জারির প্রস্তাব দিয়েছিলেন কিম। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়। যার ফলে কয়েক ঘণ্টার মাথায়ই সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।
এরপর কোরিয়ার শত শত সেনা যারা এ সংক্ষিপ্ত সময়ে দেশটির রাজধানী সিউলের জাতীয় পরিষদ প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন, তারা ব্যারাকে ফিরে যান।
সূত্র : আলজাজিরা