প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১০:১০ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১১:০৫ এএম
ব্রায়ান থম্পসন । ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা কোম্পানি ইউনাইটেড হেলথকেয়ার। নিউইয়র্কের ম্যানহাটনে একটি হোটেলের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এর প্রধান ব্রায়ান থম্পসন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দেশটির স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪৫-এর দিকে কোম্পানির বার্ষিক বিনিয়োগকারী সম্মেলনের ঠিক আগে ম্যানহাটনের সিক্সথ্ অ্যাভিনিউ হিলটনের বাইরে এ ঘটনাটি ঘটে। ৫০ বছর বয়সি থম্পসনকে পেছন থেকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। গুলি লাগার পরপরই দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ‘সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে’ থম্পসনকে হত্যা করা হয়েছে। বন্দুকধারী পলাতক। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। আর তারা হত্যার উদ্দেশ্যও খতিয়ে দেখছে।
নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি কোনো এলোমেলো সহিংসতা বলে মনে হচ্ছে না। এটি যে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হামলা ছিল প্রতিটি ইঙ্গিত তার দিকেই যাচ্ছে।’
পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একটি মাস্ক ও কালো হুডি পরা ছিলেন। পিঠে ছিল একটি ধূসর রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। তবে তাকে সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে।
হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে।
সূত্র : রয়টার্স