ট্রুং মি লান
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫ পিএম
ভিয়েতনামের আবাসন খাতের ধনকুবের ট্রুং মি লান। ছবি : সংগৃহীত
ব্যাংক জালিয়াতির ঘটনায় ভিয়েতনামের আবাসন খাতের ধনকুবের ট্রুং মি লানের মৃত্যুদণ্ড হয়েছিল নিম্ন আদালতে। রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তার আপিল আবেদনটি খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকল।
তবে ৬৮ বছর বয়সি এই নারীর এখনও মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার সুযোগ আছে। ভিয়েতনামের আইন অনুযায়ী, ট্রুং মি লান যদি আত্মসাৎ করা অর্থের ৭৫ শতাংশ ফেরত দেন, তবে তার সাজা কমে যাবজ্জীবন হতে পারে।
আবাসন কোম্পানি ভান থিন ফাত হোল্ডিংস গ্রুপের চেয়ারপারসন লান। গত এপ্রিলে ১ হাজার ২০০ কোটি ডলার পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হলে এ নারী ধনকুবেরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। শুধু ভিয়েতনাম নয়, বিশ্বের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত এপ্রিলে বিচারিক আদালত দেখতে পান, মি লান গোপনে সাইগোন কমার্শিয়াল ব্যাংককে নিয়ন্ত্রণ করেন। এটি দেশের পঞ্চম বৃহত্তম ঋণদাতা ব্যাংক। এই ব্যাংক থেকে ১০ বছর ধরে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ ও নগদ অর্থ তুলে নিয়েছেন তিনি, যার পরিমাণ ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।
আইনজীবীরা বলেন, এই অর্থের মধ্যে ২ হাজার ৭০০ কোটি ডলার ট্রুং মি লান নয়ছয় করেছেন। আর ১ হাজার ২০০ কোটি ডলার যে তিনি আত্মসাৎ করেছেন, তা প্রমাণিত। আর এই গুরুতর আর্থিক অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ভিয়েতনামে এ ধরনের শাস্তির রায় খুবই বিরল। আর সেখানে আর্থিক অপরাধে খুব কম ধনাঢ্য নারীরই মৃত্যুদণ্ড হয়েছে।
সূত্র : বিবিসি